ঝালকাঠি শহরে মাদকবিরোধী অভিযানে এক মন্দিরের পুরোহিতকে ইয়াবাসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার ব্যক্তি সুমন চক্রবর্তী, যিনি শহরের কালিবাড়ি মন্দিরের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শহরের শীতলাখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে, যা যাচাই-বাছাই চলছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন ধর্মীয় ব্যক্তিত্বের বিরুদ্ধে এমন অভিযোগে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
ঘটনার পরপরই কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটি জরুরি বৈঠকে বসে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত সুমন চক্রবর্তীকে মন্দিরের সকল ধর্মীয় ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।
মন্দির কমিটির এক সদস্য জানান, “মন্দিরের ভাবমূর্তি রক্ষার স্বার্থে আমরা দ্রুত এই সিদ্ধান্ত নিয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ঝালকাঠি ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।